রাত ২:২৪ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতায় ঘরবন্দী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি :
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকা। বৃহস্পতিবার ( ৩ আগস্ট ) রাত থেকে টানা বর্ষণে নগরের বিভিন্ন এলাকায় পানি জমে আছে। এমনকি জলাবদ্ধতায় ঘরবন্দী অবস্থায় রয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

মেয়রের বাড়ির নিরাপত্তাকর্মীরা জানান, গত রাত থেকেই মেয়রের বাড়ির সামনের গলিতে পানি জমেছিল। শুক্রবার ভোরে ভারী বর্ষণ শুরু হলে বাড়ির উঠানে হাঁটু পানি জমে যায়। পুরো ভবন পানিবন্দি হয়ে আছে।

মেয়রের একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) মোস্তফা জামাল চৌধুরী বলেন, ছুটির দিনে মেয়রের কোনো অনুষ্ঠান নেই। মেয়র বাসাতেই আছেন। পানি ওঠেছে কিনা জানি না। তবে গত বছর কয়েকবার পানি উঠেছিল।

নগরের বহদ্দারহাটে মেয়র রেজাউল করিম চৌধুরীর পৈতৃক বাড়ি। তিনি পরিবার নিয়ে বাড়ির দোতলা ভবনের ওপরের তলায় থাকেন। নিচের তলায় সচরাচর ঘরোয়া বৈঠক বা দর্শনার্থীদের সঙ্গে আলাপ করে থাকেন। এর আগে গত বছরও জলাবদ্ধতায় একাধিকবার তলিয়ে গেছে মেয়রের বাড়ির উঠান ও সামনের রাস্তা। আশপাশের এলাকাগুলোতেও একই অবস্থা।

চাক্তাই খালসহ আশপাশের খালে বাঁধ দেয়ার কারণে মেয়রের বাড়িতে বারবার পানি ওঠে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। তাদের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) খালগুলোয় বাঁধ দিয়ে রেখেছে। এজন্য পানি নামতে পারছে না। তাই বারবার জলাবদ্ধতা হচ্ছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সিটি করপোরেশন ঠিকমতো নালা-নর্দমাগুলো পরিষ্কার করলে পানি দ্রুত নেমে যেত। কিন্তু তা না করার কারণে বারবার জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে মেয়র যেমন কষ্ট পাচ্ছেন, তেমনি দুর্ভোগে আছেন তারাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *