সন্ধ্যা ৬:২৮ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি :

দীর্ঘ ১১ বছর পালিয়ে থাকা মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রায়হান ওরফে মুন্নাকে (৪৫) বুধবার (২৩ আগস্ট) রাত ১১টায় ঢাকা বিমান বন্দর এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫ ও র‌্যাব-১)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তি তিনি জানান, বুধবার রাতে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তিনি জয়পুরহাট জেলা সদরের শান্তিনগর মাছুয়া বাজার মহল্লার মরহুম মাজেদ আলীর ছেলে। সান্তাহার রেলওয়ে থানার মাদক মামলার আসামি ছিলেন মুন্না।

ফেন্সিডিল চোরাচালানের অভিযোগে ২০১২ সালের ২৪ জুন সান্তাহার রেলওয়ে থানায় রায়হান মুন্নার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। জামিনে গিয়ে মুন্না দীর্ঘ ১১ বছর ধরে পলাতক থাকেন। গত ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫-এর বিচারক মো: আব্বাস উদ্দীন ওই মাদক মামলায় মুন্নার অনুপস্থিতিতে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুর হাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামি রায়হান মুন্নাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং মুন্না প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বিমানবন্দর থানা এলাকায় অবস্থান শনাক্ত করে সেখানে বুধবার রাতে র‌্যাব-৫ ও র‌্যাব-১ সদস্যরা যৌথ আভিযান চালিয়ে মুন্নাকে গ্রেফতার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বৃহস্পতিবার সকালে আসামিকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *