
জয়পুরহাট প্রতিনিধি :
জয়পুরহাটে বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবার জেলায় প্রায় ৭০ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হচ্ছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ধানের ন্যায্য দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকরা। এবার উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জয়পুরহাটের মাঠে মাঠে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। জেলায় ৬৯ হাজার ৭২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হচ্ছে। এবছর ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৫৫০ মেট্রিকটন।
শীতে কিছু বীজতলা ক্ষতিগ্রস্ত হলেও কৃষি বিভাগের সহায়তার কারণে চারা সংকট হয়নি। কৃষকদের কেউ জমি চাষ করছেন কেউবা করছেন চারা রোপন। ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পেলেও বিদ্যুত, সার, কীটনাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে বলে জানান তারা।
বোরো চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মজিবর রহমান। উৎপাদিত ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার উদ্যোগী হবে বলে আশা করছেন কৃষকরা।