
অনলাইন ডেস্ক :
সম্প্রতি অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিশে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে। এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন। এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশা আল্লাহ।
জামায়াতের আমির বলেন, যারা আমাদের পছন্দ করেন, ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি, ভালোবাসি তাদের নিয়েই আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে নির্বাচন করার আশা করি।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের নেতৃবৃন্দ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের জেল-জুলুম, নির্যাতন ধৈর্যের সঙ্গে সহ্য করেছেন। অনেকেই জীবন দিয়েছেন। তাদের সেই ত্যাগ-কোরবানির বিনিময়ে আজ আমরা মুক্ত স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। ফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না। বিনয়ী হতে হবে। জনগণের সেবক হতে হবে।কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে দিনব্যাপী অধিবেশন অনুষ্ঠিত হয়। ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬ শীর্ষক’এই অধিবেশনে বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দারসুল কোরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। অধিবেশনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।