দুপুর ১২:২৫ বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র ‘ মানুষ ‘ এর প্রচারে ঢাকা আসবেন জিৎ

বিনোদন  প্রতিবেদক : কলকাতার চলচ্চিত্র তারকা জিৎ ‘মানুষ’ একটি ছবির নায়ক হওয়ার পাশাপশি সেটিতে অর্থ লগ্নিও করেছেন। অর্থাৎ এই ছবিটির নায়ক কাম প্রযোজক। তার এই বিশেষ ছবি নির্মাণের ভার দিয়েছিলেন সঞ্জয় সমদ্দার নামের ঢাকার এক নির্মাতার ওপর। কোনো টলিউড তারকার ক্ষেত্রে এই রকমের ঘটনা এটাই কিন্তু প্রথম। ছবিটির খবর কম-বেশি সকলের জানা। ইতোপূর্বে এটির টিজার ও পোস্টার প্রকাশ হয়েছে।

এবার নতুন একটি খবর জানা গেলো। ভারতের পাশাপাশি ‘মানুষ’ ছবিটি বাংলাদেশেও মুক্তি পাবে একই দিনে। এই তথ্যের যোগানদাতা বাংলাদেশী প্রযোজনা – পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের দেওয়া তথ্য মতে, জিতের প্রতিষ্ঠানের সঙ্গে জাজের একটি যৌথ প্রযোজনার ছবি হওয়ার কথা ছিল। কিন্তু নতুন নীতিমালায় জটিলতার কারণে সে পথে এগোতে পারেননি তারা। অগত্যা জিৎ একাই মানুষ ছবিটি প্রযোজনা করেন। আর জাজ এটি আমদানির মাধ্যমে বাংলাদেশেও মুক্তি দেওয়ার কাজটি করবে।

জাজের দাবি, এই ছবিটির গল্প প্রযোজক আব্দুল আজিজ ও নির্মাতা সঞ্জয় সমদ্দার যৌথভাবে দাঁড় করিয়েছেন। এক বার্তায় জাজ কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু আমাদের তৈরি করা গল্প, আমাদের পরিচালক, আমাদের নায়িকা, তাহলে কেন বাংলাদেশের মানুষ ছবিটি দেখবে না ? ভারতের সঙ্গে বাংলাদেশেও ছবিটি মুক্তি পাবে। শুধু তাই নয়, ছবির প্রচারে ঢাকায়ও আসবেন জিৎ।

গেলো শনিবার (২৮ অক্টোবর) ছবিটির নতুন একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে রোম্যান্টিক আবহে দেখা দিয়েছেন নায়ক জিৎ ও তার নায়িকা সুস্মিতা চ্যাটার্জি। এছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন ঢাকার বিদ্যা সিনহা মিম, কলকাতার জীতু কমলসহ অনেকে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর ভারত ও বাংলাদেশে একযোগে মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *