
গাজীপুর প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ সুরক্ষায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্যানিটেশন ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে গাজীপুরে এক সমাজকল্যাণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) অডিটোরিয়ামে ‘পরিবেশ সুরক্ষায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে WWTP ও স্যানিটেশন ব্যবস্থাপনার ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বার্থ উন্নয়ন ট্রাস্ট (PID Trust) এর আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা অঞ্চলের পরিচালক জনাব মো. ফেরদৌস আনোয়ার। সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান।
গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক জনাব আরেফিন বাদল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মো. এমদাদুল হক মজুমদার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. সাইফুল আলম চৌধুরী (এস), গাজীপুর প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মো. বখতিয়ার এবং সাধারণ সম্পাদক জনাব মো. ইসমাইল মোল্লা।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন জনাব মো. মোছাদ্দিকুর রহমান হাজী মুছা, এডভাইজরি ট্রাস্টি, জনস্বাস্থ্য উন্নয়ন ট্রাস্ট (PID Trust)। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মো. মেহেদী হাসান, ম্যানেজিং ট্রাস্টি ও সিইও, জনস্বাস্থ্য উন্নয়ন ট্রাস্ট (PID Trust)।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ তরল ও কঠিন বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করলে পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে Wastewater Treatment Plant (WWTP) স্থাপন ও কার্যকর স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বর্জ্য ও দূষিত পানি যথাযথ শোধন ও নিরাপদ ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ক্ষেত্রে সরকারি সংস্থার পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিক মালিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় পরিবেশবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে WWTP-এর কার্যকর ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ, বর্জ্য পৃথকীকরণ, নিরাপদ স্যানিটেশন এবং পরিবেশ আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, পরিবেশ ও স্যানিটেশন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি, কর্মকর্তা, চিকিৎসক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।