
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে গতকাল রোববার বিকেল ৪ টার দিকে মিল গেইট এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, রোববার বিকাল ৪টার দিকে টঙ্গী মিল গেইট এলাকার ওই তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় গোডাউনের ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততোক্ষণে আগুনে ভয়াবহতা বাড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টা তৎপরতা চালিয়ে বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে তিনটি গোডাউনসহ তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।