
আন্তর্জাতিক ডেস্ক :
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ৯৮ জন ফিলিস্তিনি নিহত এবং এক হাজারেরও বেশি আহত হয়েছেন। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এই তথ্যটি প্রকাশিত হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, মানবিক সহায়তা নিতে গিয়ে ৩৯ জন নিহত এবং ৮৪৯ জন আহত হয়েছেন। এর মধ্য দিয়ে ত্রাণ নিতে গিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ১ হাজার ৪২২ জনে পৌঁছেছে। আর গত ২৭ মে থেকে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আরও ১০ হাজার ৬৭ জনেরও বেশি আহত হয়েছেন।
১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। এ ছাড়া, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরাইল।