
বিনোদন প্রতিবেদক : বৃষ্টিভেজা সন্ধ্যায় গজলের মূর্ছনায় দর্শক মাতালেন মেসবাহ আহমেদ। জনপ্রিয় এই গজলশিল্পীর একক গজলসন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেলো শুক্রবার (৯ জুন) রাজধানীর মতিঝিলের ইয়র্ক মিলনায়তনে।গজল সন্ধার আয়োজনে ছিল ‘বাংলাদেশ ৮৮’এর বন্ধু কথা । এটি ১৯৮৮ সালে এসএসসি পাস করা বন্ধুদের একটি প্লাটফর্ম।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলে গজল সন্ধ্যা। জগজিৎ সিংয়ের ‘তুম কো দেখা তবে খেয়াল’ দিয়ে শুরু হওয়া গজল সন্ধ্যায় প্রায় ৩০টি গজল পরিবেশন করেন মেসবাহ। অনুষ্ঠানে অনুপ জালোটা, রশীদ খান, পঙ্কজ উদাস, মান্না দের গজলের পাশাপাশি নিজের কথা ও সুরের গানও পরিবেশন করেন তিনি। গজলের ফাঁকে ফাঁকে শায়েরি শুনিয়েও দর্শকদের আনন্দ দেন মেসবাহ আহমেদ।
মেসবাহ আহমেদ বাংলাদেশের একমাত্র গজলশিল্পী, যিনি উপমহাদেশের প্রখ্যাত গজল ব্যক্তিত্ব জগজিত্ সিংয়ের শিষ্য। দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীও তার গুরু। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এই শিল্পী সংগীতের এই অভিজাত ধারাটি দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন।
সম্প্রতি মেসবাহ আহমেদ ভারতের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক গজল সম্মেলনে যোগ দিয়ে দেশে ফিরেছেন। মুম্বাই অনুষ্ঠিত ‘খাজানা ফেস্টিভ্যাল’ শীর্ষক সপ্তাহব্যাপী এই সম্মেলনে গত ৭ মে তিনি গজল পরিবেশন করেন। মেসবাহ আহমেদ ছাড়াও ওই গজল সম্মেলনে পারফর্ম করেছেন হরিহরন, অনুপ জালোটা, পঙ্কজ উদাস, তালাত আজিজ, অনুরাধা পাডোয়াল, চন্দন দাস, আবিদা পারভীন, প্রতিভা সিংসহ ভারত-পাকিস্তানের খ্যাতিমান গজলশিল্পীরা।