
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরের শালবন এলাকায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পুরনো মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে শালবনের পল্লীটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পল্লীটিলা এলাকার বাসিন্দা বেলাল হোসেন নিজ বাড়ির পাশে সবজি চাষের জন্য কোদাল দিয়ে মাটি কাটছিলেন। মাটির প্রায় এক ফুট নিচে কোদালের আঘাতে শক্ত লোহা সদৃশ একটি বস্তুর অস্তিত্ব টের পান তিনি। পরে সেটি মাটি খুঁড়ে বের করে নিজের ভাই সেকান্দারকে দেখান। বস্তুটি আসলে কী তা নিশ্চিত হতে না পেরে সেকান্দার সেটি নিয়ে বিভিন্ন স্থানে যান এবং একপর্যায়ে গঞ্জপাড়ার চেঙ্গী নদীর পাড়ে নিয়ে কাটাকাটির চেষ্টা করেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বস্তুটিকে পরিত্যক্ত মর্টার শেল হিসেবে শনাক্ত করেন এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এলাকাটি ঘিরে ফেলেন ও উৎসুক জনতাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন।
এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, উদ্ধার হওয়া পরিত্যক্ত মর্টার শেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন। তবে এটি কোন আমলের বা কারা এটি ব্যবহার করত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, মর্টার শেলটি নিষ্ক্রিয়করণ ও বিস্তারিত পরীক্ষার জন্য আগামীকাল শনিবার সকালে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।