
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামের কৃষি আধুনিকায়নে নতুন যুগের সূচনা। খাগড়াছড়ির ব্যবসা বাণিজ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। জেলায় এই প্রথম কোনো স্থানীয় উদ্যোক্তা নিজ জেলার ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে কৃষিযন্ত্র আমদানির ঋণপত্র বা এলসি (LC) খুলেছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) খাগড়াছড়ি শাখা থেকে ৫৬টি বহনযোগ্য কৃষি স্প্রে মেশিন (পোর্টেবল পাওয়ার স্প্রেয়ার) আনতে ১ হাজার ৪৭০ মার্কিন ডলারের এই এলসি সম্পন্ন করা হয়। এটিই জেলায় প্রথম আমদানি এলসি।
লেনদেনের অঙ্ক ছোট হলেও এর তাৎপর্য অনেক বড়। আগে বিদেশি যন্ত্রপাতি বা পণ্য আনতে পাহাড়ি ব্যবসায়ীদের ঢাকা বা চট্টগ্রামের ওপর নির্ভর করতে হতো। নিজ জেলাতেই ব্যাংকিং সুবিধা পাওয়ায় স্থানীয়দের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্যমতে, দেশের মোট ফল উৎপাদনের প্রায় ২০ শতাংশ আসে তিন পার্বত্য জেলা থেকে। শুধু খাগড়াছড়িতেই ২০২৪ সালে প্রায় ৩ হাজার ৫০০ কৃষক ৪ হাজার ১৫০ হেক্টর জমিতে আম চাষ করে প্রায় ৪৯ হাজার টন আম উৎপাদন করেছেন, যার বাজারমূল্য প্রায় ২০০ কোটি টাকা। পাশাপাশি সবজি চাষ বাড়ায় আধুনিক যন্ত্রপাতির চাহিদাও বাড়ছে।
এ বিষয়ে খাগড়াছড়ির উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা বলেন, পাহাড়ি জমিতে সহজে বহন করা যায় এমন যন্ত্রপাতি বেশ কার্যকর। নতুন বহনযোগ্য স্প্রে মেশিনগুলো কৃষকদের শ্রম ও সময় বাঁচিয়ে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।
ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) গবেষণা অনুযায়ী, ২০২৪ সালে দেশের মোট ব্যাংক আমানতের ৬৫ শতাংশ এবং ঋণের ৭৮ শতাংশ ছিল ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রিক। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে মূলধনি যন্ত্রপাতি আমদানির এলসি ২৪ শতাংশ বেড়ে ১০৭ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে। এমন বাস্তবতায় খাগড়াছড়ির এই উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবার বিস্তার ও বাণিজ্যে স্থানীয়দের যুক্ত হওয়ার বড় উদাহরণ।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যাংকিং সুবিধার পাশাপাশি পাহাড়ে সড়ক যোগাযোগ, পরিবহন ও সংরক্ষণব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসায়ীদের সচেতনতা বাড়ানো জরুরি।