রাত ১২:২৯ বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুরুচিপূর্ণ বক্তব্যের কারণে মামলা হচ্ছে পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে

বিনোদন  প্রতিবেদক : চলচ্চিত্র এবং চলচ্চিত্র সংশ্লিষ্টদের নিয়ে কুরুচিপূর্ণ, অশ্লীল ও বিরূপ মন্তব্য করার অভিযোগ এনে অভিনেতা ও সাবেক আমলা পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে মামলা হচ্ছে। এর আগে তাকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতি৷ উল্লিখিত সময়ের মধ্যে তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে এফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করার কথাও জানান সমিতির নেতারা।

রোববার (২৫ আগস্ট) বিকেলে এফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ওই সময় প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, তিনি (পীরজাদা হারুন) ক্ষমা না চাইলে, তিনি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করবেন। সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছে পীরজাদা হারুনকে কোনো চলচ্চিত্রে না নেওয়ার অনুরোধ জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

জানা যায়, সম্প্রতি একটি দৈনিক পত্রিকার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পীরজাদা শহীদুল হারুন বলেছিলেন, একসময় এফডিসির এমডি পদ থেকে অভিনেতা রাজীবকে আউট করে একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হয়। ওই সচিব এফডিসি সম্পর্কে অবগত না থাকায় দেখভালের জন্য আমাকে (পীরজাদা হারুন) দায়িত্ব দেয়। তিনি শুধু ফাইল স্বাক্ষর করতেন। তখন দেখি ১২০টি রুম আছে বিভিন্ন প্রযোজকদের নামে। সেখানে মাদক ও নারী ব্যবসাসহ সবকিছু হতো। এমডিকে অবগত করে তখন রুমগুলো দখল মুক্ত করি। সন্ধ্যার পর থেকে এফডিসিতে মাদক সেবন ও নারী ব্যবসা হয়। ওই রুমগুলো আবার দখল হয়েছে। এগুলো বন্ধ করা দরকার। এফডিসি পবিত্র জায়গা। পবিত্র জায়গা পবিত্র রাখতে হবে।

উল্লেখ্য, পীরজাদা শহীদুল হারুনের ওই কুরুচিপূর্ণ ইউটিউব ইন্টারভিউ নিয়ে সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক তুষার আদিত্য তার সোশ্যাল হ্যান্ডেলে প্রথম প্রতিবাদ জানান। এরই পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে প্রতিবাদের ঝড় ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *