
আন্তর্জাতিক ডেস্ক:
ভারতশাসিত জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটারা শহরে অবস্থিত বৈষ্ণো দেবী মন্দিরের কাছে ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজনের মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে রিয়াসি জেলা পুলিশের প্রধান পরমবীর সিং এই তথ্য নিশ্চিত করেছেন।ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার দুপুরের দিকে মন্দিরের যাত্রাপথে অবস্থিত ইন্দ্রপ্রস্থ ভোজনালয় এবং তার আশেপাশের এলাকায় ভূমিধস নামে। এতে তীর্থযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই মন্দির কমিটি এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (এনডিআরএফ) এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন।
পরমবীর সিং জানান, গত তিন দিন ধরে জম্মু-কাশ্মীরজুড়ে ভারী বৃষ্টি হচ্ছে, যার ফলে বিভিন্ন জায়গা থেকে ভূমিধস ও আকস্মিক বন্যার খবর আসছে। উপদ্রুত এলাকার বেশিরভাগ সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরই মধ্যে সাড়ে তিন হাজারের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, জম্মু-কাশ্মীরের আবহাওয়ার শিগগিরই উন্নতির সম্ভাবনা নেই। আরও অন্তত দু-তিন দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কাটরা, জম্মু, সাম্বা, রিয়াসি, উধমপুর, ডোডা এবং কিশ্তওয়াড় জেলায় ভূমিধস ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে।