
স্টাফ রিপোর্টার :
বৈষম্যবিরোধী আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা পলককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে, তার আইনজীবী তরিকুল ইসলাম শুনানিতে বলেন—কাশিমপুর কারাগারে পলককে যে স্থানে রাখা হয়েছে তা অস্বাস্থ্যকর এবং বসবাসের অনুপযোগী।
তিনি বলেন, “কারাগারের ঘরে পর্যাপ্ত আলো-বাতাস নেই। বৃষ্টি হলে ঘরের মধ্যে পানি ঢুকে পড়ে। এমন অবস্থায় দীর্ঘ সময় থাকা মানবাধিকার লঙ্ঘনের শামিল।”
আইনজীবী জানান, আদালতে হাজিরের আগে প্রিজন ভ্যানে করে পলককে আনা হয়। তবে ভ্যানে থাকা ভেন্টিলেটর দিয়ে বৃষ্টির পানি ঢুকে যাওয়ায় তিনি ভিজে যান। বর্তমানে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি সেলে আছেন, যেটি বর্ষায় পানি ঢুকে আরও অস্বাস্থ্যকর হয়ে ওঠে।
তিনি আরও বলেন, “এভাবে একজন মানুষকে অমানবিক পরিবেশে রাখা তার সাংবিধানিক অধিকার ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা আদালতের কাছে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছি।”