দুপুর ২:৪৪ রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক জুবায়দুর রহমান

নিজস্ব প্রতিবেদক: 

শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্সের অধ্যাপক এম জুবায়দুর রহমান, যিনি এক সময় বিশ্ব ব্যাংকের সঙ্গেও কাজ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি জুবায়দুর রহমানকে স্বতন্ত্র পরিচালক হিসাবে ইসলামী ব্যাংকের বোর্ডে বসিয়েছিলেন। বুধবার পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয় বলে ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জুবায়দুর রহমান চেয়ারম্যানের দায়িত্বে ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হচ্ছেন। অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হওয়ায় ওবায়েদ উল্লাহ আল মাসুদ গত ১৭ জুলাই পদত্যাগ করেন।

তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং ইতালির ইউনিভার্সিটি অব বোকোনিতে অধ্যাপনা করেছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়, আরবানা শ্যাম্পেইন এবং রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক জুবায়দুর রহমান ঢাকার জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জুমস)-এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর। বিশ্ব ব্যাংকের এই সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির বিভিন্ন দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে স্বতন্ত্র উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

তার কাজের কেন্দ্রবিন্দু ছিল প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম, যার মাধ্যমে বিশ্ব ব্যাংকের সদস্য দেশগুলোকে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গভর্ন্যান্সের ভিত্তি শক্তিশালী করতে সহায়তা করা হয়।

বিশ্ব ব্যাংকে থাকাকালে তিনি আন্তর্জাতিক আর্থিক কাঠামোকে শক্তিশালী করতে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস ইনিশিয়েটিভ’ নামে একটি কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *