
আন্তর্জাতিক ডেস্ক :
ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে এক কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় সক্রিয় করতে না পারে, তা নিশ্চিত করা ইসরায়েলের অগ্রাধিকার।
ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার ছয় মাস পর মোসাদের প্রধান এক অনুষ্ঠানে বলেন, ইরান সামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করছে, যা ইসরায়েলের জন্য একটি গুরুতর হুমকি। তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি এমন মাত্রায় উন্নত হয়েছে যা শুধুমাত্র পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ব্যতীত ব্যাখ্যা করা যায় না।’
বার্নিয়ে আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে তারা এই প্রকল্পকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় রাখতে কাজ করছে। তিনি ইসরায়েলের সামরিক অভিযানের প্রশংসা করে বলেন, এই অভিযান ইরানের ভেতরে তাদের গোয়েন্দাদের কার্যক্রমের বিস্তৃত সক্ষমতা প্রমাণ করেছে।
তিনি বলেন, ইরানের শাসকরা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য থেকে সরে আসেনি এবং কূটনৈতিক সমাধানে তাদের বিশ্বাস কম। তিনি সতর্ক করে বলেন, ইরান একটি খারাপ পারমাণবিক চুক্তি পুনরায় বাস্তবায়ন করতে চাইছে, যা বিশ্বকে বিভ্রান্ত করবে।
পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তোলার পরও ইরান তা অস্বীকার করে আসছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পরিদর্শনকারীদের বাধা দেওয়া এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের মাধ্যমে ইরান তার সামরিক ক্ষমতা বাড়াচ্ছে।
২০২৫ সালের জুনে ইসরায়েলি হামলায় ইরানের এক হাজারের বেশি নাগরিক নিহত হওয়ার পর ইরান প্রতিক্রিয়ায় ৫০০টির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।