দুপুর ১:৩২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারনেটের দাম কমালো সব অপারেটর, বাকি রইলো ৩ মোবাইল অপারেটর

ডেস্ক রিপোর্ট :

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে তিন স্তরে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, আন্তর্জাতিক ও জাতীয় স্তরের পর এবার পালা জাতীয় স্তরের মোবাইল ইন্টারনেটের। এরই মধ্যে সরকারি মোবাইল অপারেটর টেলিটক ১০ শতাংশ মূল্যছাড় দিয়েছে। তবে এখনও নীরব রয়েছে বেসরকারি তিন মোবাইল অপারেটর—গ্রামীণফোন, বাংলালিংক ও রবি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, মোবাইল ইন্টারনেটের দাম কমাতে দুটি প্রধান দাবি করা হয়েছে—
১. মার্চে এসআরও অ্যাডজাস্টমেন্ট বাবদ যে মূল্যবৃদ্ধি করা হয়েছিল, তা প্রত্যাহার।
২. আন্তর্জাতিক গেটওয়ে, আইআইজি ও ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে যতটুকু পাইকারি দাম কমেছে, তার অনুপাতে গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমানো।

এদিকে ফাইবার অ্যাট হোম নিশ্চিত করেছে যে, আইটিসি ও আইআইজি পর্যায়ে ১০% এবং এনটিটিএন পর্যায়ে ১৫% দাম কমানো হচ্ছে। আইএসপিগুলো ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে।

সরকার ইতোমধ্যে মোবাইল কোম্পানিগুলোকে ডার্ক ফাইবার ও DWDM সুবিধা দিয়েছে। তাই ইন্টারনেটের দাম না কমানোর পেছনে আর কোনো যুক্তি টিকে থাকে না বলে মন্তব্য করেন ফয়েজ আহমদ।

তিনি আরও বলেন, “বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের মান প্রশ্নবিদ্ধ, অথচ দাম তুলনামূলক অনেক বেশি। গ্রাহক স্বার্থে যৌক্তিক পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *