আশুলিয়ার পার্ল গার্মেন্টস পরিদর্শন করলেন নূন্যতম মজুরি বোর্ডের চেয়ারম্যান

 

সাভার উপজেলা প্রতিনিধিঃ

শ্রমিক-কর্মচারীদের ন্যায্য মজুরি নির্ধারণ প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ীতে অবস্থিত ‘পার্ল গার্মেন্টস কোং লিমিটেড’ সরেজমিনে পরিদর্শন করেছেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) সৈয়দ আজাদ সুবহানীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কারখানাটিতে যান। পরিদর্শনকালে দলটি কারখানার সামগ্রিক কর্মপরিবেশ, উৎপাদন ব্যবস্থা, শ্রমিকদের বিদ্যমান সুযোগ-সুবিধা এবং মজুরি সংক্রান্ত নানাবিধ তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ করেন। এ সময় কারখানার দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিনিধিদলকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন।

সংশ্লিষ্টদের মতে, শিল্পকারখানার প্রকৃত অবস্থা, সক্ষমতা এবং শ্রমিকদের বিদ্যমান বেতন কাঠামো সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে মজুরি নির্ধারণের কাজটি আরও তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত হয়ে উঠবে। মূলত শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং কারখানার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি সুষ্ঠু মজুরি কাঠামো তৈরির লক্ষ্যেই এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *