বিকাল ৪:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার, নারীসহ আটক ২

সাভার (ঢাকা) প্রতিনিধি :

আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার লাখ টাকার জালনোটসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার টাকার ৪০০টি জাল নোট উদ্ধার করা হয়। বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে আশুলিয়ার আমবাগান এলাকার মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আশুলিয়ার নিরিবিলি মুক্তধারা হাউজিং এলাকার সানজিদা আক্তার তন্নী (২৬) এবং ডেন্ডাবর এলাকার সাদ্দাম হোসেন (২৮)। পুলিশ জানায়, সানজিদা আমবাগান এলাকার ওই ভাড়া বাড়িতে থাকতেন।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আমবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে জাল টাকার কারবারিরা অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সানজিদার বাসা থেকে ৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয় এবং তাকেসহ সাদ্দাম হোসেনকে আটক করা হয়।

এসআই জসিম উদ্দিন আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ ডিসেম্বর ৩৮০ পিস ইয়াবাসহ আশুলিয়ার নবীনগর এলাকা থেকে সানজিদা আক্তার তন্নীকে গ্রেপ্তার করেছিল ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর প্রায় এক মাস আগে তার মা ও ছোট ভাইকেও বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। ডিবি পুলিশ তখন জানিয়েছিল, তারা দীর্ঘদিন ধরে নবীনগর, ডেন্ডাবর, পল্লী বিদ্যুৎ, নিরিবিলি, নয়ারহাট ও বাইপাইল এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *