বিকাল ৫:৫০ মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ১৩০ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বানিজ্য ডেস্ক রিপোর্ট :

সোমবার (২২ সেপ্টেম্বর) ১২১.৭৫ টাকা দরে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১২৯.৫০ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে চলতি বছর জুলাই থেকে এপর্যন্ত নিলামে ১.৮৮ বিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। এর আগে ১৫ তারিখে ১২১.৭৫ টাকা দরে ৩৫৩ মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের একজন জেষ্ঠ কর্মকর্তা বলেন, কেন্দ্রীয় ব্যাংক ১২১.৭৫ টাকা দরে ডলার কিনেছে, অর্থাৎ এটাই হচ্ছে ব্যাংকগুলোর জন্য ডলারের রেফারেন্স রেট।

বর্তমানে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার জন্য রেমিট্যান্স প্রেরক ও রপ্তানিকারকরা সুবিধা পাচ্ছেন। আর বাংলাদেশ ব্যাংকও এ দুই সূচকের প্রবাহ ইতিবাচক রাখার জন্যই নিলামের মাধ্যমে ডলার কিনছে। অন্যদিকে ডলার কেনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ-ও বাড়াচ্ছে। তাই নিলামের মাধ্যমে ডলার কেনার সিদ্ধান্তটি একটি সঠিক টুল হিসেবে মনে করছেন অর্থনীতিবিদরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সেপ্টেম্বরের ২১ দিনে ২০৩ কোটি ১০ লাখ বা ২ দশমিক শূন্য ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৩ কোটি ডলার।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের ২১ দিন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৬৯৩ কোটি ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৭৭ কোটি ডলার। অর্থবছর হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২০ দশমিক ১ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আর গেল আগস্টে এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড পরিমাণ। আর পুরো অর্থবছর (২০২৪-২৫) জুড়ে প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *