দুপুর ২:৫১ বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও লাগাতার ধর্মঘট চট্টগ্রাম বন্দরে, বন্ধ বহির্নোঙরের কার্যক্রম

অনলাইন ডেস্ক:

দুদিনের বিরতির পর আজ রোববার থেকে আবারও লাগাতার ধর্মঘটে বন্ধ রয়েছে বহির্নোঙরের কার্যক্রম। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা এই ধর্মঘটে পুরো বন্দর অচল হয়ে পড়ার শঙ্কা রয়েছে।সরকার সংকট সমাধানের দিকে না গিয়ে, হুমকি-ধমকি আর হয়রানির পথ বেছে নেওয়ার অভিযোগে গতকাল সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারি নেতারা বলেন, এবারের ধর্মঘটে শুধু বন্দরের ভেতরে বাইরে নয়, কাজ বন্ধ থাকবে বহির্নোঙ্গরেও।

এর আগে ৩১ জানুয়ারি থেকে ছয়দিন কর্মবিরতি পালন করেন শ্রমিক কর্মচারিরা। শুক্র ও শনিবার ছিল স্থগিত। এরমধ্যে ১৫ কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর আবারও কর্মসূচিতে ফিরেছে আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে এ কর্মসূচি দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

দাবির মধ্যে রয়েছে- এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেয়ার বিষয়ে সরকার কর্তৃক ঘোষণা দেয়া, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেয়া।সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, আন্দোলন শুরুর পর থেকে এ কয়েকদিন বন্দরের বর্হিনোঙরের কাজ কর্মবিরতির আওতায় ছিল না। তবে রোববার থেকে ডাকা ধর্মঘটে বর্হিনোঙরেও কাজ হবে না বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *