রাত ৯:৪২ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও অবরোধের ঘোষণা বিএনপির

ডেস্ক রিপোর্ট :
সরকারের পদত্যাগের এক দফাসহ বিভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী এ কর্মসূচি ডেকেছে দলটি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে গত সোমবার (২৭ নভেম্বর) একই সঙ্গে দুই কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। সেদিন ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালনের ঘোষণা দেন।

পরে ওইদিনই এক বিবৃতিতে একই কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এই কর্মসূচির ঘোষণা দেন।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পরদিন ২৯ অক্টোবর এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনের শরিকরা। পরবর্তীতে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে সরকারবিরোধী দলগুলো।

পরে ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় তারা। এরপর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে ফের ১৯ ও ২০ নভেম্বর সারাদেশে হরতাল পালন করে সরকারবিরোধী দলগুলো। পরবর্তীতে ২২ নভেম্বর ভোর ৬টা থেকে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করে দলটি। গত ২৪ নভেম্বর ভোর ৬টায় শেষ হয় ওই অবরোধ কর্মসূচি। এরপর আবারও একদিন বিরতি দিয়ে ২৬ নভেম্বর ভোর ৬টা থেকে ২৮ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি ও সমমনা দলগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *