
বিনোদন ডেস্ক :
২০০ কোটি রুপি অর্থ প্রতারণা মামলায় কারাবন্দি ‘প্রতারক’ সুকেশ চন্দ্রশেখর নাম জড়িয়ে বেশ বিপাকে রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এই মামলায় দু’বছর ধরে বার বার আদালতে চক্কর কাটতে হচ্ছে জ্যাকলিনকে।
বিদেশযাত্রার জন্য বার বার আদালতে আর্জিও জানাতে হয় তাকে। এবার দিল্লির একটি আদালত অভিনেত্রীকে বিদেশ যাওয়ার অনুমতি দিল। তবে সেখানে জামিনের শর্তে কিছু রদবদল করা হয়েছে। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
২০২২ সালের ১৫ নভেম্বর বিচারক শৈলেন্দ্র মালিক জ্যাকলিনের জামিন মঞ্জুর করেন। তখন আদালতের নির্দেশ ছিল, বিদেশে যাওয়ার আগে জ্যাকলিনকে বিশেষ অনুমতি নিতে হবে। কিন্তু এখন আদালত জানিয়েছে যে, একজন অভিনেত্রী তার কাজের জন্য বিদেশযাত্রা করতেই পারেন। কিন্তু তার জন্য আগাম অনুমতিতে অনেকটাই সময় নষ্ট হয়। ফলে তা পেশার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে। তাই আদালত জ্যাকলিনের বিদেশযাত্রা মঞ্জুর করেছে।
তবে বলা হয়েছে, বিদেশযাত্রার অন্তত তিন দিন আগে জ্যাকলিনকে আদালত এবং ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কাছে তা জানাতে হবে।
মামলার শেষ শুনানিতে বিচালক শৈলেন্দ্র মালিক বলেন, ‘এই পরিস্থিতিতে আগাম অনুমতি নেয়া অনেক সময় সাপেক্ষ এবং তার ফলে কারও কাজও হাতছাড়া হতে পারে।
এর আগে একাধিকবার বিদেশযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জ্যাকলিন। অভিনেত্রীর পক্ষ থেকে জানানো হয়েছিল, জামিনের শর্ত অনুযায়ী বিদেশযাত্রার অনুমতির জন্য তার আর্থিক ক্ষতি হচ্ছে। একের পর এক কাজ হাতছাড়া হচ্ছে।
২০০৯ সাল থেকে কর্মসূত্রে ভারতে রয়েছেন ‘কিক টু’ খ্যাত শ্রীলঙ্কার এই অভিনেত্রী। সেই প্রসঙ্গে টেনেই আদালত জানায়, অভিনেত্রী ভারতীয় আইন অনুসারে সরকারকে কর প্রদান করেন এবং এখনও পর্যন্ত জামিনের কোনো অপব্যহার করেননি। তাই পেশাগত দায়বদ্ধতার কথা চিন্তা করেই অভিনেত্রীকে বিদেশযাত্রার অনুমতি দেয়া হয়েছে।