রাত ১০:০৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আট বছরের সম্পর্ক থেকে বিয়ে করলেন ফারিণ

বিনোদন  প্রতিবেদক : টানা আট বছর সম্পর্কে ছিলেন। অবশেষে সেই প্রেমিকের সঙ্গে অনেকটা হুট করে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তিনি নিজেই সোমবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তার স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত। তবে তিনি কী করেন, এখনও সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, সাড়ে আট বছরের সম্পর্কের পর ১১ আগস্ট আমরা অফিসিয়ালি একত্রে হবার সিদ্ধান্ত নিয়েছি।

নিজের ফেসবুকে স্বামীর উদ্দেশ্যে এই অভিনেত্রী লিখেছেন, আমরা কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিলাম। প্রথম ক্যামেরার সামনে আসার আগে তুমি ছিলে আমার জন্য ছায়ার মতো। আমার কাজের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে অনুপ্রাণিত করে এবং আমাকে সমর্থন জুগিয়েছো। আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে। এটা এখনও অবাস্তব মনে হয় যে, আমি এমন স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে। তিনি আরও লিখেছেন, আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন লালন করবো।

তাসনিয়া ফারিণ জানিয়েছেন, ঘনিষ্ঠ পরিবার পরিবেষ্টিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের আকদ হয়েছে। তার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি আবার দেশে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করবেন এই জুটি।

উল্লেখ্য, এর আগে একবার ফারিণের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তখন জানা গিয়েছিল, বর তার কাজিন। নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা জানান, ফারিণ এবং তার কাজিন বিয়ে করেছেন প্রায় ৬ মাস হলো। বিয়ের পর তারা মালদ্বীপ যায় হানিমুনে। আমি পুরো বিষয়টি জানি। ওই সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাসনিয়া ফারিণ গণমাধ্যমকর্মীর সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠেছিল। তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। অবশেষে সোমবার (১৪ আগস্ট) বিয়ের কথা প্রকাশ্যে আনলেন ফারিণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *