দুপুর ২:৫৫ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপি জটিলতায় ভোমরা বন্দরে পেঁয়াজ আমদানি বন্ধ, দাম বৃদ্ধিতে দুর্ভোগ

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি ইমপোর্ট পারমিট (আইপি) জটিলতার কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে স্থানীয় হাট-বাজারে পেঁয়াজের সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে, ফলে প্রতি কেজিতে ২৫ থেকে ৩০ টাকা দাম বেড়ে সাধারণ ক্রেতারা দুর্ভোগে পড়ছেন।

ভোমরা কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, নতুন করে কোনো আইপি ইস্যু না হওয়ায় গত ১৭ আগস্ট থেকে শুরু হওয়া পেঁয়াজ আমদানি মাত্র ৬ দিন চলার পর বন্ধ হয়ে যায়। এর আগে আইপিপ্রাপ্ত ব্যবসায়ীরা ভারত থেকে ৩ হাজার ৮৫২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছিলেন, যার মধ্যে ১৩৩টি ট্রাক বন্দরে প্রবেশ করে। তবে বর্তমানে নতুন আইপি না দেওয়ায় আমদানি কার্যক্রম থমকে আছে।অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, আইপিতে কোন দেশ থেকে কী পরিমাণ পণ্য কত দিনের মধ্যে আমদানি করা যাবে, তা স্পষ্টভাবে উল্লেখ থাকে। বর্তমানে নতুন আইপি ইস্যু না হওয়ায় ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারছেন না। এর প্রভাবে জেলার হাট-বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় এই পণ্য ক্রয়ে বাড়তি চাপ সৃষ্টি করছে।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার জানান, গত ২৭ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও আইপি জটিলতার কারণে তা এখন বন্ধ। ব্যবসায়ীরা জানিয়েছেন, দ্রুত আইপি ইস্যুর প্রক্রিয়া সহজ করা না হলে বাজারে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের জন্য আরও দুর্ভোগ বাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *