বিকাল ৫:৪৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী হারলিন শেঠি’র প্রেমিক সমাচার

 

আপনার সংবাদ  প্রতিবেদক : বলিউডি নায়কের প্রেমিকা হিসেবে অধিক পরিচিতি পাওয়ায় বেশ বিড়ম্বনায় আরেক বলিউডি নায়িকা হারলিন শেঠি। এই নায়িকা ১৯৯২ সালের ২৩ জুন মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার ওই শহরেই বাবা-মা, ভাইয়ের সঙ্গে বেড়ে ওঠা। স্কুল – কলেজের পাঠও চুকান মুম্বাইতেই। হারলিন স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মুম্বাইয়ের একটি নামকরা নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে কাজ শুরু করেন।ওই নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি করার পর টিভি চ্যানেলে শো সঞ্চালনা শুরু করেন তিনি। এরপর হারলিন ২০১৩ সালে ইংরেজি ভাষার একটি স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। জানা যায়, শুধু হিন্দি, ইংরেজিই নয়, এর পাশাপাশি পাঞ্জাবি, মারাঠি ভাষায়ও দক্ষ তিনি। এছাড়া একাধিক নামকরা সংস্থার বিজ্ঞাপনেও কাজ করেছেন।

জানা গেছে, বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কে ছিলেন হারলিন। ভিকি’র এক বন্ধুর বাড়ির পার্টিতে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। সেখানে প্রথম আলাপ হয় দু’জনের। অতপর বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়াতে বেশি সময় লাগেনি। মাঝেমধ্যে একসঙ্গে লাঞ্চ এবং ডিনার ডেটে যেতেন ভিকি – হারলিন। নিজেদের সম্পর্কের কথা গোপন রাখার চেষ্টা করলেও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। ভিকি’র কোনো সিনেমা মুক্তি পেলে সেই সিনেমার প্রচার অনুষ্ঠানেও দেখা যেতো এই অভিনেত্রীকে। আবার সোশ্যাল মিডিয়ায় পরস্পরের পোস্টে খুনসুটি করে মন্তব্য করতেন তারা। কিন্তু তাদের সম্পর্কে হঠাৎ ভাঙন ধরে। এর ফলে সোশ্যাল মিডিয়াতেও এই জুটির দূরত্ব বাড়ে।

২০১৯ সালে মুক্তি পায় ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ভিকি অভিনীত এই সিনেমা মুক্তির সময়ে হারলিনের সঙ্গে বিচ্ছেদ হয় ভিকি’র। কানাঘুষা শোনা যায়, ওই সময়ে বলিউডের আরেক অভিনেত্রীর সঙ্গে ভিকির ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মূলত, এই কারণেই ভেঙে যায় ভিকি – হারলিনের প্রেম। বলিপাড়ার একাংশের দাবি – বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছিল ভিকি’র। মূলত এই কারণে হারলিনের সঙ্গে বিচ্ছেদ হয় তার। বিচ্ছেদের কারণ খোলাসা না করলেও দুই তারকাই তাদের ‘সিঙ্গেল’ থাকার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন।

জানা যায়, প্রেম ভেঙে যাওয়ার আগেই অভিনেত্রীর চেয়ে ভিকি’র প্রেমিকা হিসেবে অধিক পরিচিতি লাভ করেন হারলিন। বিষয়টি কষ্ট দিয়েছে তাকে। এক সাক্ষাৎকারে হারলিন বলেছিলেন, আমার নিজের একটা পরিচয় রয়েছে। আমি কারো প্রাক্তন প্রেমিকা হিসেবে পরিচিতি পেতে চাই না। কেউ বড় পর্দার জনপ্রিয় অভিনেতা হতেই পারেন। কিন্তু আমি এখনো বড় পর্দায় অভিনয়ের সুযোগ পাইনি। আর এ কারণে অন্যের নামে আমার পরিচিতি গড়ে উঠতে পারে না। প্রেমিক ভিকি’র সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভেঙে পড়েছিলেন হারলিন। সেই কথা জানিয়ে তিনি বলেছিলেন, আপনি যার সঙ্গে ভবিষ্যতের সুন্দর স্বপ্ন দেখছেন, সে যদি হঠাৎ করে ছেড়ে চলে যায়, তা হলে আপনি দুঃখ পাবেন। সকলের ক্ষেত্রেই এমন হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমিও বদলেছি। আমি জানি, কীভাবে নিজেকে শক্ত রাখতে হয়।

হারলিনের সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে বিয়ে করেন ভিকি। অন্যদিকে, অভিনেতা বৈভবরাজ গুপ্ত’র সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হারলিন। পাশাপাশি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘দ্য টেস্ট কেস’, ‘ফ্লার্টিন’, ‘দ্য গন গেম’, ‘কাঠমান্ডু কানেকশন’, ‘সুলতান অব দিল্লি’, ‘কোহরা’ এর মতো ওয়েব সিরিজে অভিনয় করেন হারলিন। ‘কোহরা’ ওয়েব সিরিজে অভিনয় করে বলিপাড়ায় প্রশংসা কুড়ান হারলিন। সম্প্রতি অনুরাগ কাশ্যপ, গুলশান দেবাইয়ার সঙ্গে ‘ব্যাড কপ’ সিরিজে অভিনয় করেছেন হারলিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *