
প্রযুক্তি ডেস্ক::
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনা অনুযায়ী বর্তমানে যাদের অতিরিক্ত সিম নিবন্ধিত আছে, তাদের অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
তবে বন্ধ করার আগে নিজের অপ্রয়োজনীয় সিমের নিবন্ধন বাতিল করার সুযোগ পাবেন গ্রাহকরা। আগামী নভেম্বরের মধ্যে এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
বিটিআরসির হিসেবে দেখা গেছে, নতুন সীমা চালু হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের নামে থাকা ৬৭ লাখ অতিরিক্ত সিম বন্ধ করতে হবে।
এ জন্য বিটিআরসি মোবাইল অপারেটরদের একটি তালিকা দেবে, যেখানে প্রত্যেক গ্রাহকের নামে কতটি সিম রয়েছে তা উল্লেখ থাকবে।
যাদের নামে ১০টির বেশি সিম রয়েছে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে জানতে চাওয়া হবে—কোন ১০টি সিম সক্রিয় রাখা হবে। এ ক্ষেত্রে বেশি ব্যবহৃত নম্বর এবং যেসব সিম মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ এমদাদ উল বারী বলেন, মানুষের ভোগান্তি কমাতে সময় নিয়ে কাজটি করতে হবে।
আগামী ১ আগস্ট থেকে গ্রাহকদের ৩ মাসের জন্য সময় দেওয়া হবে নিজ উদ্যোগে ১০টির বেশি সিম থাকলে তা বাতিল করার জন্য।
এরপর বিটিআরসি বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে বাড়তি সিমগুলো বন্ধের উদ্যোগ নেবে।