সকাল ৮:৩৩ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ দূতের বিবৃতি নিয়ে অসন্তোষ জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট :
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়ায় ১৩টি প‌শ্চিমা মিশ‌নের দূত ও কূটনীতিককে আমন্ত্রণ জানিয়ে অসন্তোষ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। হুট করে বিবৃতি প্রদানের মতো আচরণে বাংলাদেশ অসন্তুষ্ট হয়েছে বলে তাদেরকে জানানো হয়েছে।

বুধবার ( ২৬ জুলাই ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাজির হন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও ইইউর রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উচ্চপদস্থ কূটনীতিকরা। হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেয়া প‌শ্চিমা মিশ‌নের এসব কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পরে এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকার যেসব দূতাবাস গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছিল তাদের দূতদের আমরা ডেকেছিলাম। তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা অসন্তোষ প্রকাশ করেছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হিরো আলম সারাদিন সতীর্থদের সঙ্গে বিভিন্ন কেন্দ্র অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি বা কোনো অভিযোগ করেননি। অন্য প্রার্থীরাও কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ করেননি। আমরা বলেছি, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না।

শাহরিয়ার আলম বলেন, শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাকে গুটিকয়েক দূত যেভাবে উপস্থাপন করেছেন তা কখনোই সারাদিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলিত করে না বলে আমরা তাদের জানিয়েছি। দ্রুত প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নের বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি বলেও আমরা তাদেরকে বলেছি।

ওই ঘটনায় নির্বাচন কমিশন এবং সরকার ত্বরিত ও আইনানুগ ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৯ জুলাই দূতদের বিবৃতি দেয়ার অনেক আগেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আইনানুগ ব্যবস্থা নেয়ার পরও এই দূতরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন যা অযাচিত ও অপ্রয়োজনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *