
ডেস্ক রিপোর্ট :
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে বিএনপির তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুর সোয়া ২টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত সরেজমিনে রাজধানীর রমনা, মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেসক্লাব মোড়সহ মতিঝিল, শাহবাগ এলাকার সড়ক যানজটে স্থবির হয়ে পড়ে।
এছাড়া হাইকোর্ট এলাকার মাজারগেট থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত; পল্টন থেকে সেগুনবাগিচা এলাকা এবং শাহবাগ-কারওয়ান বাজার থেকে সাইন্স ল্যাব পর্যন্ত যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। এর প্রভাব ছড়িয়ে পড়েছে সেসব এলাকার অলিগলিতেও।
বেলা দুইটা পর্যন্ত মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় আটকে ছিল কয়েকশ গাড়ি। এসব বাস থেকে যাত্রীরা নেমে চলে গেলেও চালক ও হেলপারদের বাস থামিয়ে সড়কে বসে থাকতে দেখা যায়।
অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের জন্য রমনা পার্কের মধ্যেও চলাচল করা যাচ্ছে না। ফুটপাতও ব্যবহার করতে পারছে না সাধারণ পথচারীরা।