
বিনোদন ডেস্ক : নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য অভিনেতা – নির্মাতা আফজাল হোসেন। অবশেষে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে তার একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সূত্রমতে, আফজাল হোসেন এখন পুরোপুরি সুস্থ। চিকিৎসকের পরামর্শে গতকাল বাসায় ফিরছেন তিনি। তাকে সপ্তাহখানেক বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চলতি মাসের ৪ তারিখ রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেনকে। ওই রাতেই তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়। পরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। পরদিন তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
গেলো মঙ্গলবার থেকে শিহাব শাহীনের পরিচালনায় ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নামের একটি ছবির শুটিং করার কথা ছিল আফজাল হোসেনের। তার অসুস্থতার কারণে শুটিং বাতিল হয়। আগামীকাল ওয়েব ফিল্মটির শুটিং হবার কথা রয়েছে।