বিকাল ৫:৪৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে র‍্যাব-বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট :
এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা পঞ্চম দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা ও আশপাশের জেলায় ৩২ প্লাটুনসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি এবং রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৬০ টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা দুই দিনের এই অবরোধ কর্মসূচি শুরু হয়েছে বুধবার (১৫ নভেম্বর) সকাল ছয়টা থেকে, যা চলবে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত। পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকার বিরোধী দলগুলো।

এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারাদেশে আধাবেলা হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। গত বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই হরতালের ঘোষণা দেন।
প্রসঙ্গত, বুধবার (১৫ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বিএনপি বলেছে, নির্বাচন কমিশন আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছে। আর তফসিল প্রত্যাখান করে রাতেই রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *