সকাল ৭:১১ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের কারণে মায়ার শুটিংয়ে শিল্পীরা

বিনোদন  প্রতিবেদক : মাত্র কয়দিন আগেই বিনোদন সাংবাদিকরা খবর প্রকাশ করেন – শিল্পীদের শিডিউল অসহযোগিতার কারণে ‘মায়া : দ্য লাভ’ নামের একটি ছবির নির্মাণ থমকে আছে। খবরে আরও জানানো হয়, ছবিটির প্রযোজক অভিমান করে শুটিং চিরতরে বন্ধ করে বিদেশ ফিরে গেছেন। প্রকাশিত ওই খবর মতে – শিল্পীদের শিডিউল জটিলতা, অসহযোগিতা ও নানাবিধ কারণে ছবিটির শুটিং বন্ধ হয়ে আছে দীর্ঘদিন। অভিমানে প্রযোজক ছবিটির নির্মাণ না করার কথাও জানান। ওই খবর প্রকাশের পর সংশ্লিষ্টদের মধ্যে টনক নড়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন বন্ধ থাকা ছবিটির শুটিং অচিরেই শুরু হচ্ছে বলে জানিয়েছেন এটির নির্মাতা জসিম উদ্দিন জাকির। অনেকদিন ধরে শিল্পীদের শিডিউল মেলানোর চেষ্টা করছিলেন তিনি।

নির্মাতা জানান, ছবির নায়ক সাইমনের শিডিউল মিললে মিলতো না নায়িকা বুবলীর শিডিউল। আবার সাইমন – বুবলী রাজি হলে আরেক নায়ক রোশান থাকেন অন্য ছবির শুটিংয়ে। একটা পর্যায়ে সাইমন, বুবলী ও রোশানকে একসঙ্গে পেলেও সময় দিতে পারছিলেন না ছবির আরেক অভিনেতা আনিসুর রহমান মিলন। অনেক দিন ধরেই মিলন আছেন যুক্তরাষ্ট্রে। গেলো বছরের সেপ্টেম্বরে লস অ্যাঞ্জেলেসে তার স্ত্রী মারা যাওয়ার পর সন্তানের দেখভালের জন্য সেখানেই আছেন মিলন। ফলে দেশে আসা সম্ভব হচ্ছিল না তার। এদিকে মিলনকে না পেয়ে ‘মায়া : দ্য লাভ’ ছবির শুটিং শেষ করতে পারছিলেন না পরিচালক।

বিনোদন সাংবাদিকদের ওই খবর প্রকাশের পর নির্মাতা জানালেন, অবশেষে মিলন দেশে ফেরার সময় বের করতে পেরেছেন। আগামী জুন বা জুলাই মাসের যে কোনো সময় ছবির অন্যান্য শিল্পীর শিডিউলের সঙ্গে মিলিয়ে দেশে এসে ‘মায়া’র শুটিংয়ে অংশ নেবেন। মিলনের এ আশ্বাসে স্বস্তি পেয়েছেন পরিচালক। তিনি বলেন, আগামী ২৭ মে থেকে টানা সাত দিন মিলন ভাই ছাড়া যে কাজগুলো আছে, সেগুলো শেষ করবো। সবার শিডিউল কনফার্ম করা হয়েছে। সাত দিন কাজ করলে শুধু মিলনের তিন – চারটি দৃশ্য এবং তার একটি গানের কাজ বাকি থাকবে। সেটা জুলাইয়ে যদি শেষ করতে পারি, তাহলেই ছবিটির শুটিং শেষ হবে।

উল্লেখ্য, ‘মায়া : দ্য লাভ’ ছবিতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রাশেদা, রেবেকা রউফ, শিউলী, শম্পা নিজাম, সোহেল রশিদ, ববি, জ্যাকি আলমগীর, বাদল, অরিন, ইভা, আকলিমা আঁখি, সীমান্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *