রাত ৮:০৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

 

চট্টগ্রাম প্রতিনিধি :

সন্দ্বীপে নির্মমভাবে নিহত জাহাঙ্গীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে নিহত জাহাঙ্গীরের মেয়ে জোবেদা আক্তার কলি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, “আমার বাবা জাহাঙ্গীর সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দৌলতের বাড়ির বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহবুদ্দিন সুমন ও তার দলবল আমার বাবার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় গত ২০ জানুয়ারি দিবালোকে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়।”

তিনি অভিযোগ করেন, “হত্যাকাণ্ডের পর সন্দ্বীপ থানায় মামলা দায়ের করা হলেও পুলিশের গড়িমসি ও নিষ্ক্রিয়তার কারণে আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। ফলে আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।”

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে জোবেদা আক্তার কলি বলেন, “আমরা পরিবারের পক্ষ থেকে জাহাঙ্গীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

এসময় নিহত জাহাঙ্গীরের ভগ্নিপতি আব্দুল মালেক, মেয়ের জামাতা আমিনুল হক সুমনসহ পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *