সন্ধ্যা ৭:১৯ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না: ফরহাদ মজহার

 

ডেস্ক রিপোর্ট : বিশিষ্ট চিন্তাবিদ ও কবি ফরহাদ মজহার বলেছেন, “আমাদের আমূল সংস্কার করতে হবে।
গত শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ফরহাদ মাজহার বলেন, “গণঅভ্যুত্থানের পর প্রত্যেক তরুণকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা দরকার ছিল। একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা আমাদের প্রথম কাজ ছিল। বাংলাদেশকে রক্ষা করা আমাদের সবার কাজ। আগে দেশকে নিয়ে ভাবেন। আপাতত নির্বাচন বাদ দিন। প্রথমে দেশ গঠন, তারপর নির্বাচন নিয়ে ভাবুন।” তিনি আরো বলেন, “রাষ্ট্রের গঠনতন্ত্র সংস্কার করতে হবে। জনগণের অধিকার অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার, নতুন গঠনতন্ত্র করে নির্বাচন হোক। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো সজাগ আছে। আমাদেরও সজাগ থাকতে হবে বাংলাদেশের জন্য।” সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফরহাদ মজহার বলেন, ‍“কিছু বিষয় নিয়ে জনগণকে আগামীতে সচেতন করতে হবে। আমরা যে নতুন রাষ্ট্র গঠন করতে চাই, সেখানে কোনো ব্যক্তির অধিকার বা মর্যাদা হরণ করা যাবে না। রাষ্ট্রের সার্বভৌমত্বের কথা বলিনি, জনগণের সার্বভৌমত্বের কথা বলেছি। রাষ্ট্রের এমন কোনো অধিকার নেই, যখন তখন যাকে তাকে ধরে নিয়ে যেতে পারে।” তিনি বলেন, “গণঅভ্যুত্থানের পর পরই আমরা যে সরকারকে কায়েম করেছি, এই সরকারের দায়িত্ব ছিল জনগণের কাছে যাওয়া। তারা এটা করলেন না। তারা করলেন কি, উপর থেকে অনেকগুলো কমিশন বসিয়ে দিলেন। এবার আসুন আগে বাংলাদেশ গঠন করি।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নদী গবেষক মাহবুবুর রহমান সিদ্দিকী, কবি ও সংগঠক মো. রুমেল, বগুড়া প্রেস ক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বাংলাভিশন বগুড়া ব্যুরো প্রধান ও গবেষক সাংবাদিক আব্দুর রহীম, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাশ, রেজাউল বারী দিপন, কবি তালাশ তালুকদার, আব্দুর রশীদ প্রবালসহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *