
বিনোদন প্রতিবেদক : সুন্দরী ও গ্ল্যামারাস লাক্স তারকা বিদ্যা সিনহা মিম নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন। গেলো ১ আগস্ট (মঙ্গলবার) থেকে তার নতুন এই ছবির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন মিম।
মিম জানিয়েছেন, এই ছবির নাম ‘দিগন্তে ফুলের আগুন’। এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এই ছবিটি প্রসঙ্গে জনপ্রিয় এই মডেল – অভিনেত্রী বলেন, আমি সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রের সঙ্গে থাকতে চাই। কারণ এগুলো দর্শকদের ভাবাবে এবং ভালোলাগা দেবে। সেই সঙ্গে একজন অভিনেত্রী হিসেবে আমাকেও তৃপ্তি দেবে। “দিগন্তে ফুলের আগুন” অসাধারণ গল্পের একটি ছবি হবে। আর আমার বিশ্বাস এটি ভালো কিছু হবে।
এই ছবিতে মিম অভিনয় করছেন পান্না কায়সারের চরিত্রে। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবন নিয়ে এই ছবিটির গল্প। শহীদুল্লাহ কায়সার এবং পান্না কায়সার দম্পতির মেয়ে শমী কায়সার। অর্থাৎ শমী কায়সারের মায়ের চরিত্রে অভিনয় করছেন মিম। ‘দিগন্তে ফুলের আগুন’ ছবিতে অভিনয় ছাড়াও মিম অভিনীত ‘অন্তর্জাল’ নামের ছবিটি মুক্তি পাচ্ছে খুব শীঘ্রি। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন।
সমপ্রতি মিম অভিনীত ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি হয়েছে। সিরিজটিতে নীরা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মিম।