রাত ৯:৩৩ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লাশবাহী ফ্রিজিং গাড়িতে গাঁজা পাচার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার :
ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে লাশবাহী ফ্রিজিং গাড়ি খেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী এলাকায় সোমবার (২৬ জুন) সকালে এই অভিযান পরিচালিত হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলাতানা রাখী।
এই ঘটনায় গ্রেফতার গাড়িচালক সাগর বাবু (২৬) ফেনী জেলার সোনাগাজী উত্তর চরচান্দিয়া এলাকার বাসিন্দা সান্তুনু বাবুর ছেলে। অপরজন একই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২১)।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়েদুল কবির জানান, লাশবাহী ফ্রিজিং গাড়িটিতে কোনো লাশ ছিলো না। তারা গাড়িতে গাঁজা ভর্তি করে ফেনী থেকে বরিশাল নগরীর দিকে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী স্ট্যান্ডে চেকপোস্ট বসায় জেলা গোয়েন্দা পুলিশ।
এসআই ওবায়েদুল কবির আরও জানান, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে আসা লাশবাহী গাড়িটিকে চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় ১০ কেজি গাঁজা উদ্ধার হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *