রাত ৩:২৪ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেলেন মা,দুই ছেলের অবস্থা আশঙ্কাজনক

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় এক বাড়িতে আগুন লেগে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ওই নারীর দুই ছেলে। আহত দুই ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাদারীগঞ্জ বাজারে রান্না ঘর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম ফরিদা ইয়াসমিন। আহত দুই ছেলের নাম রাশিদুল বাশার ও রাফিউল বাশার। রাশিদুল ইন্টার্ন চিকিৎসক ও রাফিউল একাদশ শ্রেণির ছাত্র।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে, দুই ছেলে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী জানিয়েছে, ঈদের দিন সকালে ফরিদা ইয়াসমিন তার দুই ছেলেকে নিয়ে রাজশাহী থেকে গ্রামের বাড়িতে যান। রাতে তারা বাড়ির দ্বিতীয় তলায় আলাদা কক্ষে ঘুমান। হঠাৎ করে ঘুম ভেঙে আগুন দেখতে পেয়ে তারা বাইরে আসার চেষ্টা করলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান ফরিদা। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে শুক্রবার (৩০ জুন) সকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ন ইউনিটের নেয়া হয়।

এদিকে খবর পেয়ে ৫ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *