বিকাল ৫:৫৬ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র একটি নিরপেক্ষ নির্বাচন চায়: পিটার হাস

ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনে একটি নিরপেক্ষ অবস্থানে থাকবে। নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতমূলক অবস্থান না নিয়ে বরং একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে দেশটি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর আজ বুধবার (১৫ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন রাষ্ট্রদূত।

যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চায়। চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে শর্তহীন একটি সংলাপের ওপর জোর দেন মার্কিন রাষ্ট্রদূত। উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সকালে বৈঠকে বসেন মার্কিন এ রাষ্ট্রদূত। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে পৌঁছান পিটার হাস। পরে মন্ত্রীর দপ্তরে বৈঠকটি শুরু হয়।

এদিকে বৈঠকের পর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজকে তফশিল ঘোষণা হবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন আর সংলাপের সুযোগ নেই। ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, সংলাপের জন্য যে সময় প্রয়োজন সে সময় এখন আর নেই। দেশের শতাধিক রাজনৈতিক দল রয়েছে। দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে গেলে সময় প্রয়োজন।

তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান।

এর আগে সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র দেয়া একটি চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *