সন্ধ্যা ৭:৩০ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা বাজার এলাকায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন ফরিদা বেগম (৫২) নামে এক মা। অভিযুক্ত ছেলে সোহাগ জোমাদ্দার (৩২) গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে পুলিশের হাতে আটক হয়।

নলছিটি থানা সূত্রে জানা যায়, পুলিশের একটি দল তালতলা বাজারে অভিযানে গেলে ফরিদা বেগম নিজে উপস্থিত থেকে ছেলেকে শনাক্ত করেন। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও স্থানীয় গ্রামপুলিশের সহায়তায় সোহাগকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।এর আগে গত ৪ আগস্ট ফরিদা বেগম নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কাজ না করে টাকার জন্য তাকে চাপ দিত, টাকা না পেলে গালাগাল, অশান্তি ও হুমকি দিত। গত ৪ আগস্ট সন্ধ্যায় এক লাখ টাকা দাবি করে টাকা না পেয়ে সোহাগ তার বসতঘরের আসবাবপত্র ভাঙচুর এবং কাপড়-চোপড় পুড়িয়ে দেয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়।ফরিদা বেগম বলেন, “আমার ছেলে বহুদিন ধরে নেশাগ্রস্ত। নেশা করে এসে টাকার জন্য চাপ দেয়, গালাগালি ও মারধরের চেষ্টা করে। এমনকি আগুন দিয়ে জিনিসপত্র পুড়িয়ে দেয়। আর সহ্য করতে না পেরে থানায় অভিযোগ দিয়ে নিজেই পুলিশের সহায়তায় তাকে ধরিয়ে দিয়েছি। আশা করি, আইনি ব্যবস্থার মাধ্যমে সে ভালো হয়ে যাবে।”নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “অভিযুক্ত সোহাগকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদক সেবন, হুমকি ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। মায়ের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *