সন্ধ্যা ৬:৫৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোয় কনসার্ট ভয়াবহ হামলা,নিহত বেড়ে ৬০

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :
রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের ভয়াবহ হামলায় হতাহতের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ঘটনার পর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। একই খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। যদিও আইএসের ওই পোস্ট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে রাশিয়ার কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০, আর আহত অবস্থায় ১৪৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনাকে ‘রক্তাক্ত সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আহতদের ‘দ্রুত আরোগ্য’ কামনা করেছেন। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতায়ানা গোলিকোভার পুতিনের সঙ্গে দেখা করার পর বলেছেন, ‘প্রেসিডেন্ট সবার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ডাক্তারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন’।
এদিকে রাশিয়াতে বড় কোনো জমায়েতে হামলা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়ে চলতি মাসের শুরুর দিকে দেশটিকে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাদ্রেইন ওয়াটসন বলেন, এই মাসের শুরুর দিকে, মার্কিন সরকারের কাছে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার তথ্য ছিল। তিনি আরও বলেন, ওয়াশিংটন এ তথ্য রুশ কর্তৃপক্ষকে জানিয়েছিল। যুক্তরাষ্ট্র রাশিয়াতে অবস্থানরত তাদের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করলেও ক্রেমলিন এই সতর্কবার্তাকে ‘প্রপাগান্ডা’ বলে প্রত্যাখ্যান করে।

প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। রুশ সংবাদমাধ্যমগুলোর খবরে জানা গেছে, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ফলে হলের ছাদও ধসে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *