বিকাল ৫:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় গৃহবধূ অনিতা হত্যা: স্বামীর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারায় অনিতা (২৫) নামে এক গৃহবধূ হত্যার অভিযোগে তার স্বামী আশিকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।শনিবার সন্ধ্যায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী-পুরুষ অংশ নেন।নিহত অনিতা গোলাপনগর মধ্যপাড়ার ফাইন সরদারের কনিষ্ঠ কন্যা। স্বামী আশিক একই গ্রামের মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র। আট বছর আগে প্রেমের সম্পর্কের সূত্রে তাদের বিয়ে হয়। তাদের পাঁচ বছরের এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, আশিক দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য কলহ, নির্যাতন ও মনোমালিন্য চলছিল। দুই মাস আগে অনিতা স্বামীর কর্মস্থল গাজীপুরের আশুলিয়ায় গিয়ে থাকতে শুরু করেন। কিন্তু সেখানে স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদ আরও বেড়ে যায়। পরিবারের অভিযোগ, আশিক ও সহযোগীরা মিলে অনিতাকে হত্যা করে ঝুলিয়ে রাখে।

অনিতার বোন দিথি ও সানি বলেন, “আমাদের বোন কবরের নিচে, আর স্বামী আশিক দিব্যি ঘুরে বেড়াচ্ছে—এটা মেনে নেওয়া যায় না। প্রশাসনের কাছে আমরা ন্যায়বিচার চাই।”মানববন্ধনে বক্তারা অনিতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *