
বাসুদেব বিশ্বাস,বান্দরবান: “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।
সোমবার (২০ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু। সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষ্যে জেলা প্রশাসকের প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একইস্থানে গিয়ে শেষ হয়, পরে সেখানে ফিতা কেটে বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে এসময় উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন,পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বান্দরবান বন বিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, আমাদের আরো পরিকল্পিতভাবে বৃক্ষরোপন করতে হবে, আর তার সঠিক পরিচর্যা করতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মের সুরক্ষার জন্য বৃক্ষরোপনের বিকল্প কিছুই নেই। বক্তারা বলেন, যে কোন গাছ বড় হলে ও বয়স হলে অবশ্যই তাকে কর্তন করতে হবে, তবে শুন্যস্থানে আবার নতুনভাবে বৃক্ষ লাগাতে হবে। বর্ষার এসময় আরো অধিক বৃক্ষরোপনের ওপর জোর দিয়ে বক্তারা সুজলা সুফলা বাংলাদেশকে আরো সমৃদ্ধ করতে সকলকে বৃক্ষরোপনে মনোনিবেশ করার আহবান জানান।
আয়োজকেরা জানান, ২০ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা চলবে, আর এবারের মেলায় ফলজ, বনজ ও ওষধিসহ বিভিন্ন রকমের চারা নিয়ে প্রায় অর্ধশতাধিক স্টল মেলায় অংশ নিচ্ছে।