সকাল ১১:০০ সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ

     ডেস্ক: 

বাংলাদেশে ২৫ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বস্ত্র ও পোশাক খাতের হংকংভিত্তিক কোম্পানি— হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ।

মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কোম্পানির চেয়ারম্যান হান চুন এ ঘোষণা দেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, কোম্পানিটি এখন বাংলাদেশে তিনটি কারখানা করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে দুটি কারখানা হবে পোশাক প্রক্রিয়াজাতকরণের; একটি হবে নিটিং ও ডাইংয়ের, যেখানে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে।

“আমাদের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে আমরা বস্ত্র ও পোশাক খাতের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসতে চাই।”

বিডা, বেজা ও বেপজার কর্মকর্তাদের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বস্ত্র খাতে এটি এখন পর্যন্ত চীনের কোনো একক কোম্পানির সবচেয়ে বড় বিনিয়োগ।

ক্রেতাদের রুচি বোঝার জন্য বাংলাদেশের ডিজাইনারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সামনে হ্যান্ডা চেয়ারম্যান একটি কারখানার নকশা তুলে ধরেন, যেটি তৈরি হবে চট্টগ্রামের মীরসরাইয়ে।

নকশার প্রশংসা করে মুহাম্মদ ইউনূস বলেন, “এটা আমার কাছে একটি সুন্দর চিত্রকর্ম মনে হচ্ছে।”

প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, মিরসরাইয়ের ওই কারখানার জমি লিজ দেওয়ার চুক্তিটি বুধবার সই হবে। ওই কারখানায় প্রথম ধাপে ৮ কোটি ডলার বিনিয়োগ করা হবে।

দ্বিতীয় ধাপে জমি ও অন্যান্য স্থাপনা চূড়ান্ত করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি চলতি বছরেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।

বৈঠকে অন্যদের মধ্যে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান ও হ্যান্ডা ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হেং জেলি উপস্থিতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *