সকাল ৬:১৯ মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে আট হাজার পিস ইয়াবাসহ দুই জন আটক

ফেনী প্রতিনিধি: ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারে যে, কতিপয় মাদক ব্যাবসায়ী একটি ট্রাকযোগে মাদকদ্রব্য বহন করে কক্সবাজার হতে ঢাকা’র দিকে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০৫ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুর সাকিনস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক একটি ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা উক্ত ট্রাকটিকে আটক করে আসামী ১। মোঃ শামীম মিয়া (৩৫), পিতা- মোঃ ছাবেদ আলী, সাং- রামেশ্বরপুর, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর এবং ২। মোঃ মোজাম্মেল (১৮), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- কাটাদুয়ার, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ট্রাকের ড্রাইভিং সীটের পিছনে বিশেষ কৌশলে রক্ষিত ৪৪ (চুয়াল্লিশ) টি নীল রংয়ের বায়ুরোধক পলি প্যাকেটের ভিতর সর্বমোট ৮ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে ড্রাইভিং পেশার আড়ালে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (ইয়াবা) কক্সবাজার এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৬ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *