বিকাল ৫:৩৭ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বাংলাদেশে সরকারি আয়-ব্যয়ে স্বচ্ছতার ঘাটতি দেখছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৫ ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্টে বলা হয়েছে, এ বছর বাংলাদেশসহ ৬৯টি দেশ ন্যূনতম আর্থিক স্বচ্ছতার মানদণ্ড পূরণ করতে পারেনি। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও মালদ্বীপও একই তালিকায় রয়েছে। ১৩৯টি দেশ নিয়ে করা এই পর্যালোচনায় ৭১টি দেশ মানদণ্ড পূরণে সফল হয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতে স্বচ্ছতা বৃদ্ধিতে কিছু সংস্কার শুরু করেছে। তবে আগের প্রশাসন বাজেট প্রকাশ করলেও বছর শেষে প্রতিবেদন যথাসময়ে প্রকাশ পায়নি এবং বাজেট নথি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুযায়ী প্রস্তুত হয়নি।

এছাড়া ঋণ সংক্রান্ত তথ্য প্রকাশিত হলেও নির্বাহী দপ্তরের ব্যয়ের বিস্তারিত উল্লেখ করা হয়নি, ফলে পূর্ণাঙ্গ রাজস্ব-ব্যয়ের চিত্রও পাওয়া যায়নি।

প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষেত্রে সরকার সাধারণত আইনের নিয়ম মেনেছে, তবে জনসাধারণের জন্য সীমিত তথ্য প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে এসব চুক্তিকে আরও উন্মুক্ত ও স্বচ্ছ করার পদক্ষেপ নিয়েছে এবং আগের প্রশাসনের আলোচনায় হওয়া কিছু চুক্তি স্থগিত করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে—

নির্বাহী দপ্তরের ব্যয় বাজেটে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা; রাজস্ব ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করা; সর্বোচ্চ নিরীক্ষা সংস্থাকে আন্তর্জাতিক মান অনুযায়ী স্বাধীন ও সক্ষম করা; বাজেট ও নিরীক্ষা প্রতিবেদন সময়মতো প্রকাশ করা এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলন সম্পর্কিত তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *