সকাল ৭:০৯ রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল কুকুর, বেরিয়ে এল মাথার খুলি

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে ডোবার পাশ থেকে উদ্ধার হওয়া মাথার খুলি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৩ জুন) সকালে উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দেহের বাকি অংশের এখনো সন্ধান মেলেনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভূঞাপুর উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় ডোবার পাশে প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল কুকুর। ব্যাগের পাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল মাংসের টুকরো। দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মানুষের মাথার খুলি উদ্ধার করে।
জানা যায়, ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ৯ দিন আগে নিখোঁজ হওয়া ১০ বছরের শিশু নওসিন ইসলাম শর্মিলার বাড়ি। গত ২৬ মে নিখোঁজ হয় শিশুটি। ধারণা করা হচ্ছে মাথার খুলিটি শিশু শর্মিলার। তবে দেহের অন্যান্য অংশের এখনও কোন সন্ধান মেলেনি। পুলিশ জানিয়েছেন, মাথার খুলির ডিএনএ পরীক্ষা করা হবে। এরপরই এর রহস্য উদঘাটন করা যাবে।
এদিকে নিখোঁজ শিশুটির বাবা সুমন জানিয়েছেন, ডোবার পাশ থেকে যে জামা পাওয়া গেছে সেটি নিখোঁজের সময় তার মেয়ের পরনে ছিলো।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও ঘটনাস্থালে আসেন সিআইডি ও পিটিআইয়ের টিম।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ঘটনাস্থলে ফরেনসিক টিম রয়েছে। মাথার খুলির ডিএনএ পরীক্ষা করা হবে। পরে জানা যাবে মাথার খুলিটি নিখোঁজ শিশু শর্মিলার কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *