সন্ধ্যা ৭:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন গাজীপুরের নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে দৃষ্টান্তমূলক কর্তব্যপরায়ণতা এবং দায়িত্ব পালনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ‘প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সেবা)’ পদক লাভ করেছেন ৩৩ নং ওয়ার্ডের দল নেতা মোঃ নজরুল ইসলাম খান। তিনি উক্ত ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব আব্দুল হালিম মোক্তারের  জ্যেষ্ঠ পুত্র।
গত ২১ মে ২০২৬ সকালে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির ‘শহীদ বীর প্রতীক জওয়ান মাল্টিপারপাস কমপ্লেক্সে’ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি কর্মকর্তাদের হাতে পদক ও সনদ তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (এসজিপি, বিএসএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)।
পদক প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মোঃ নজরুল ইসলাম খান বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এই সম্মাননা তার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে দেশের সেবায় তিনি নিজেকে আরও নিষ্ঠার সাথে নিয়োজিত রাখতে বদ্ধপরিকর।
এ অর্জনে ৩৩ নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *