বিকাল ৪:১০ শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম প্রেম ভাঙার কারণ জানালেন জাহ্নবী

বিনোদন  প্রতিবেদক : স্টারকিড হয়েও নিজের যোগ্যতায় বলিউডে শক্ত অবস্থান করে নিয়েছেন জাহ্নবী কাপুর। অবশ্য তারকা সন্তান হওয়ায় প্রথম থেকেই সংবাদের শিরোনামে ছিলেন তিনি। ব্যক্তিগত জীবনে তাকে নিয়ে একাধিকবার ছড়িয়েছে সম্পর্কের গুঞ্জন। কিন্তুে এ ব্যাপারে কোনোকালেই মুখ খোলেননি শ্রীদেবীকন্যা জাহ্নবী। তবে ভারতীয় একটি গণমাধ্যমের কাছে নিজের প্রথম প্রেম ভেঙে যাওয়ার কারণ জানিয়েছেন নতুন প্রজন্মের এই বলিউডি তারকা। জাহ্নবী এই প্রসঙ্গে জানান, রুপালি পর্দায় পা রাখার আগে প্রথম প্রেমের সম্পর্কে জড়ান তিনি। কিন্তু বাবা – মায়ের কারণে তার ওই সম্পর্ক ভেঙে যায়। যদিও সেই প্রেমিকের নাম জানাননি তিনি।

জাহ্নবী কাপুর বলেন, আমরা গোপনে দেখা করতাম। আমরা আমাদের ভালোবাসার সম্পর্ক গোপন রাখতে চেয়েছিলাম। কিন্তু মা – বাবার কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। কারণ তারা সেটার পক্ষে ছিলেন না। মা – বাবাকে মিথ্যা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তিনি আরও বলেন, আমার বাবা – মায়ের বক্তব্য ছিল, তোমার কোনো প্রেমিক থাকবে না। এই বিষয়ে তারা খুবই রক্ষণশীল দৃষ্টিভঙ্গির ছিলেন। এরপর আমি অনুধাবন করি, একটি সম্পর্কে বাবা – মায়ের গুরুত্ব কতখানি! প্রেমের সম্পর্কে তাদের সম্মতি আত্মবিশ্বাসী করে তুলে এবং সবকিছু সহজ করে দেয়।

বর্তমানে বলিউডে জোর গুঞ্জন – শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে আছেন জাহ্নবী। গেলো মাসে তারা দুজন একসঙ্গে ভাই অর্জুন কাপুরের বাসায় যান। এছাড়া জাহ্নবী’র বাবা বনি কাপুরের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে শিখরকে। যদিও বরাবরের মতো এবারও মুখে কুলুপ এঁটে রয়েছেন এই নায়িকা।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘ধড়ক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে জাহ্নবী কাপুরের। সর্বশেষ তাকে দেখা যায় বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বাওয়াল’ ছবিতে। আগামীতে তাকে দেখা যাবে ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে। ‘দেবারা’তে তার বিপরীতে আছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। আর এই ছবির মাধ্যমে দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন জাহ্নবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *