
ডেস্ক রিপোর্ট :
নাশকতা ও বিশৃঙ্খলার পরিকল্পনার অভিযোগে বরখাস্তকৃত সেনা সদস্য মো. নাঈমুল ইসলাম এবং তার দুই সহযোগীকে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৭ মে) দুপুর ২টার দিকে খিলক্ষেত বটতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, গত ৫ আগস্টের পর থেকে বরখাস্ত সেনা সদস্য নাইমুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ও গণমাধ্যমে সেনাবাহিনীর শৃঙ্খলা পরিপন্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন। রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভের পরিকল্পনা ছিল তার।
এ পরিস্থিতিতে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল যখন নাইমুলের সঙ্গে যোগাযোগ করতে খিলক্ষেত যায়, তখন তিনি ও তার সহযোগীরা অস্ত্র নিয়ে উপস্থিত সেনা সদস্যদের ওপর হামলা চালায়। দ্রুত ঘটনাস্থলে টহল টিম গিয়ে নাইমুল ও দুই সহযোগীকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, স্ত্রীর কাছ থেকে যৌতুক দাবি, শারীরিক-মানসিক নির্যাতন এবং সামরিক শৃঙ্খলা ভঙ্গের কারণে নাইমুলকে পূর্বে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।