সন্ধ্যা ৭:২৪ সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে নারীসহ র‍্যাব সদস্য দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ শহরের একটি বাসায় এক নারী ও র‌্যাব সদস্যের দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে৷

বৃহস্পতিবার ভোরের দিকে নগরীর নিতাইগঞ্জের ভবানীগঞ্জ এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান।

তবে কীভাবে তারা দগ্ধ হলেন বা আগুনের সূত্রপাত কীভাবে হল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি পুলিশ কর্মকর্তারা।

দগ্ধরা হলেন- ব়্যাব-১১ এর সদস্য অভিজিৎ সিং (২৮) এবং টুম্পা রানী দাস (২৮)৷ তাদের দুইজনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, “ব়্যাব সদস্য অভিজিং সিংয়ের শরীরের ৯০ শতাংশ এবং টুম্পা রানীর ৭০ শতাংশ দগ্ধ হয়েছে৷ দুজনের অবস্থাই আশঙ্কাজনক।“

তাদের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলেও জানান এই চিকিৎসক৷

ওসি বলেন, “দুইজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে৷”

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহাম্মদ বলেন, “অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হল, তা নিরূপণে কাজ চলছে।”

এ বিষয়ে যোগাযোগ করা হলে র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির মাহমুদ পাশা বলেন, “ওই র‌্যাব সদস্য ছুটিতে ছিলেন। দগ্ধ হওয়ার খবর পেয়েছি। এ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *